ওঙ্কার ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের পক্ষ নিয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে ডোনাল্ড ট্রাম্প তেল আভিভের পাশে থাকলেও ইরান যে একা নয়, তা মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ দাবি করেছে, চিন থেকে একাধিক বোয়িং ৭৪৭ বিমান ইরানের দিকে উড়ে গিয়েছে।
সূত্রের খবর, বিমানগুলিতে অস্ত্র বা খাদ্য কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী থাকতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, পাঁচটি বোয়িং ৭৪৭ বিমান চিন থেকে ইরানের দিকে গিয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, বিমানগুলি চিন থেকে উড়ে কাজাখস্তানের দিকে গিয়েছে। তার পর বাঁক নিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান পৌঁছয় সেগুলি। রিপোর্টে আরও বলা হয়েছে, বিমানগুলির অভিমুখ ছিল ইরানের দিকে। যদিও বেজিং এর তরফে এই কথা স্পষ্ট করে বলা হয়নি। বিমান সংস্থাও এই বিষয়ে মুখ খোলেনি। উল্লেখ্য, চিনের সঙ্গে ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বেজিং যে গ্যাস এবং তেল আমদানি করে, তার ৪৩ শতাংশ আসে মূলত ইরান থেকে।
অন্য দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনিইকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হোয়াইট হাউস জানে সর্বোচ্চ ধর্মীয় নেতা বর্তমানে কোথায় রয়েছেন। কিন্তু ওয়াশিংটন এখন তাঁকে হত্যা করতে চাইছে না। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করবে কি না আগামী দু সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।
