ওঙ্কার ডেস্ক: চলতি বছরে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। সেই হামলার পর থেকে টানা চার মাসের বেশি সময় ধরে খামেনেই এর দেহ সংরক্ষণ করে রেখেছে তেহরান। আগামী ৯ জুলাই মাসহাদে ইরানের সর্বোচ্চ নেতাকে সমাহিত করা হবে। রবিবার ভোর থেকে ইরানে খামেনেই এর রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হবে। পারস্য দেশের সর্বোচ্চ নেতার চির বিদায় অনুষ্ঠানের সময় হামলা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে হুঁশিয়ারি দিল তেহরান। হামলা হলে পালটা প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিল মোজতবা খামেনেই এর দেশ।
ইরানের বাহিনীর কমান্ডার আলি আবদুল্লাহি বলেছেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে যে কোনও ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে হামলা হলে কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত।’ রিপোর্ট অনুসারে, ইরানের মোট পাঁচটি শহরে খামেনেই এর শেষকৃত্য-অনুষ্ঠান হবে। তাতে দেড় কোটিরও বেশি সামিল হবেন বলে মনে করা হচ্ছে। সামিল হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও বহু বিখ্যাত ব্যক্তিত্ব
শেষকৃত্যে এই বিশাল সংখ্যক মানুষের জমায়েত উপলক্ষে ইরানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে যে কোনও ধরণের হামলা রুখতেও প্রস্তুতি সেরে রেখেছে ইরানের বাহিনী। ট্রাম্প প্রশাসন বা নেতানিয়াহু বাহিনী যদি হামলা চালায় তাহলে তেহরানও পালটা জবাব দেবে বলে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখল তারা।