ওঙ্কার ডেস্কঃ একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েয় হয়ে লড়ছেন কে? হাইকোর্টের বিচারপতির এই প্রশ্নে কার্যত নির্বাক থাকলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, উপর উপর সব স্বাভাবিক বোঝানো হলেও, অভিষেক ও কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের সম্পর্কের বরফ গলেনি এখনও।
সূত্রের খবর, শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণ সোজাসাপটা কোনও জবাব দেননি। পরিবর্তে খানিকটা ইতস্ততবোধ করেন। আদালতের বক্তব্য, তাহলে তাঁর বিরুদ্ধে রুল জারি করতে হবে।
অভিষেকের বিধানসভায় সই জাল মামলা থেকে আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। তখনই ক্ষুব্ধ কল্যাণ জানিয়েছিলেন আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না। সেই নিয়ে ঝামেলার সুত্রপাত। শ্রীরামপুরের সাংসদ সেই সময় আরও বলেন, “ওর জন্য দলটা শেষ হয়ে গেল, তারপরও কী ঔদ্ধত্য! রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলছে জুনিয়রস্য জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। এটা শুনে আমি বলে দিয়েছি, আমি অভিষেকের সঙ্গে নেই। ওর উদ্ধত মেনে নেব না।”
তবে সেই ঘটনার ২৪ ঘটনার মধ্যেই এই কোন্দলে জল ঢেলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। জানিয়েছিলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে কটূ কথা বলার। উনি আমাকে ছোট থেকে বড় করেছেন। আমার তাঁর প্রতি কোনও ক্ষোভ নেই। এই ঘটনার পর অনেকেই মনে করেছিলেন বরফ গলেছে। কিন্তু তা আদতে নয়।