ওঙ্কার ডেস্ক: প্রথম দফার শান্তি আলোচনা সম্পন্ন হয়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এই আবহে মঙ্গলবার পাকিস্তান সফরে যেতে চলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনৈতিক সূত্রে খবর। ইরানের প্রেসিডেন্টের এই সফরে কৌশলগত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আলোচনাটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। যার মধ্যে রয়েছে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির পথে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা নিয়ে সমঝোতা, রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন এবং পরবর্তী আলোচনা শুরুর সিদ্ধান্ত।’ রবিবার ইরানি প্রতিনিধি দলের সঙ্গে নির্ধারিত আলোচনার আগে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে বৈঠক করেন। সেই সময় শাহবাজ শরিফ ও আসিম মুনিরের সঙ্গে করমর্দন করতে দেখা যায় মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আলোচনায় অংশ নিতে রবিবার সুইজারল্যান্ডে পৌঁছান পাক প্রধানমন্ত্রী শরিফ। তাঁর সঙ্গে ছিলেন মুনির ও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তার পরই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালীন সুইজারল্যান্ডে শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবফ।