ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে নিট ইউজি পুনঃপরীক্ষা হয়েছে রবিবার। এই পরীক্ষায় অনিয়মের চেষ্টার অভিযোগে ২৮জনকে আটক করল বিহার পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে ‘ডামি’ পরীক্ষার্থী ও দালালদের সহায়তা করার অভিযোগে এই ধরপাকড় করা হয়েছে।
মে মাসের শুরুতে নিট ইউজি পরীক্ষা হয়েছিল। যে সময় প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরে এনটিএ এর তরফে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়। রবিবার সেই পরীক্ষায় গোটা দেশে ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে এদিজন পুনঃপরীক্ষা নেওয়া হয়। কিন্তু দ্বিতীয় বার ডাক্তারি এই প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিহারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এডিজি (আইন-শৃঙ্খলা) সুধাংশু কুমার জানিয়েছেন, বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ায় কারচুপি করে ডামি পরীক্ষার্থী ও দালালদের সাহায্য করার অভিযোগে ১৮ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার প্রেরণা কুমার জানিয়েছেন, রবিবার গভীর রাতে লাখিসরাই থেকে নয় জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করা হয়। অভিযোগ, তারা প্রকৃত পরীক্ষার্থীদের বদলে পরিচয় নকল করে পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ ছাড়া গয়া মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত অঙ্কিত রাজ নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে দালাল হিসেবে ভূমিকা পালন করছিল। উল্লেখ্য, এ বছর নিট পরীক্ষা নিয়ে সরগরম ছিল দেশের রাজনীতি। প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছিলেন অনেকে। কিন্তু শিক্ষামন্ত্রী সে পথে হাঁটেননি। বরং দ্বিতীয়বার আরও কড়া নিরাপত্তায় পরীক্ষার আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।