ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় শান্তি ফিরে এসেছিল। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। শুধু তাই নয়, বিপর্যস্ত গাজাবাসীর জন্য যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে বাইরে থেকে তার প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী রবিবার দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে। ইজরায়েলি বাহিনীর চালানো একটার পর একটা বিমান হামলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের হামলায় আল-মাওয়াসি এলাকার একটি ত্রাণ শিবিরে তিন জনের মৃত্যু হয়েছে। মধ্য গাজায় এক সাংবাদিক এবং এক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামলায় উত্তর গাজাতে মৃত্যু হয়েছে ছ’জনের। যদিও ইজরায়েলের বাহিনীর তরফে দাবি করা হয়েছে, হামাসের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা চালানো হল কেন, তা এখনও স্পষ্ট নয়।
ইজরায়েলের তরফে অভিযোগ করা হয়েছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ হামাসের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইজরায়েলের সেনাবাহিনী সৈন্যদের যে কোনও মূল্যে রক্ষা করবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য হামাসকে উচিত শিক্ষা দেওয়া হবে।’ উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকরও হয়েছে।
