ওঙ্কার ডেস্ক: এপস্টিনের সঙ্গে সম্পর্ক থাকায় তাঁকে নিয়ে জোর চর্চা চলছিল। এই আবহে এবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে গ্রেফতার করা হল প্রাক্তন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রিন্স উপাধি আগেই হারানো অ্যান্ড্রু সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই।
আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্রিটেনের আধুনিক ইতিহাসে তাঁর গ্রেফতার বেনজির। তবে পুলিশি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আটটি পৃথক সংস্থা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে। সরকারি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি, এমনটাই অভিযোগ। সে বিষয়ে অনুসন্ধান চালানোর পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কি না, সেদিকেও নজর গোয়েন্দাদের। টেমস ভ্যালি পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।’
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রুর। বিষয়টি সামনে আসার পর চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তিনি উইন্ডসর শহর ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করেন।
