ওঙ্কার ডেস্ক: নেপাল বিপর্যয়ের রেশ কাটার আগেই ফের আতঙ্ক হিমালয়ে। নেপালে ভয়াবহ হড়পা বান ও হিমবাহ ধসের এক সপ্তাহের মধ্যেই তিব্বতে জোরালো ভূকম্পন অনুভূত হল। বৃহস্পতিবারের কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এর ফলে নতুন করে পড়শি দেশে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৬ মিনিট নাগাদ তিব্বতে ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তিব্বতের পাশাপাশি নেপাল ও চিনের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়া যায়। ভারতের উত্তরাখণ্ডের কিছু এলাকাতেও মাটি কেঁপে ওঠে। উৎসস্থল থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে জোশীমঠেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ঘটনা ঘটে। তার জেরে প্রবল কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রাও ৫-এর বেশি ছিল। এর পরেই দ্রুত বাড়তে থাকে নদীর জল। ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয় নেপালের ভোটেকোশী নদী সংলগ্ন এলাকা। তছনছ হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। বহু বাড়ি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তা ও সেতু। বহু মানুষ নিখোঁজ হন। নেপালে এখনও ৪২১৬ জনের সন্ধান মেলেনি বলে কাঠমান্ডু জানিয়েছে। উদ্ধার হয়েছে ১২৫২টি দেহ। সেই বিপর্যয় সামলে ওঠার আগে আরও একবার কেঁপে উঠল হিমালয়।