ওঙ্কার ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হামলা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ঘটনার জন্য তৃণমূলকেই পালটা কাঠগড়ায় তুললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, অতীতে ডিম হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিষেকের ঘনিষ্ঠদের নামই সামনে এসেছে।
অগ্নিমিত্রার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলের লোকজনকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তৃণমূলের একাধিক গোষ্ঠী নিয়েও কটাক্ষ করেন তিনি।
তবে একই সঙ্গে অগ্নিমিত্রা স্পষ্ট করে দেন, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত থাকলে সেটিও অন্যায়। তাঁর বক্তব্য, তদন্ত করেই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিশ্চিত করতে হবে। ক্যামাক স্ট্রিটের ঘটনায় দলের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁর দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কারও রাজনৈতিক দফতরে হামলা বা ভাঙচুরকে সমর্থন করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য বৃহস্পতিবার ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হামলার অভিযোগ ওঠে। বেশ কয়েক জন সেখানে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধরের অভিযোগও ওঠে। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন অভিষেক। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূলের যোগাযোগ ছিল।