ওঙ্কার ডেস্ক: নেপালে হড়পা বানের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত ৭৮১ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৫০২ জন। মৃতদেহ শনাক্ত করতে মর্গগুলিতে বাড়ছে আত্মীয়দের ভিড়। বেশির ভাগ ক্ষেত্রেই দেহ দেখে শনাক্ত করা যাচ্ছে না।
সূত্রের খবর, এখনও পর্যন্ত যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন। রবিবার বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাদের নামের তালিকাও প্রকাশ্যে আনা হয়। পাশাপাশি রবিবার চিন থেকে নেপালে ফিরেছেন ৪০৩ জন ভারতীয়। সে দেশে এখনও ৫০০ ভারতীয় রয়েছেন বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁরা নিরাপদেই আছেন। পশ্চিমবঙ্গের ৩৭ জন বাসিন্দা এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে।
অন্য দিকে যে দেহগুলি শনাক্ত করা যাচ্ছে না, সেগুলি গণকবর দেওয়ার ব্যবস্থা করেছে নেপাল সরকার। রাসুয়া থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে দেবঘাট জঙ্গলে গণকবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, দেবঘাট জঙ্গলে কয়েক শ কবর খোঁড়া হয়েছে। যাঁদের দেহ শনাক্ত করা হয়নি এখনও সেগুলির ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর সেখানেই কবরস্থ করার পরিকল্পনা করেছে নেপালের প্রশাসন। চিতওয়ানের জেলাশাসক গণেশ আরিওয়াল বলেন, ‘মৃতদেহগুলিতে পচন ধরতে শুরু করেছে। আমাদের আর উপায় ছিল না।’ শনিবার ওই জঙ্গলে ৯৬টি দেহ কবর দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। রবিবার সেখানে আরও দেহ কবর দেওয়া হয়।