ওঙ্কার ডেস্ক: ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের ছায়া নয়ডাতে। চলন্ত বাসের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। চলতি মাসের ৪ তারিখে গ্রেটার নয়ডায় এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সংস্থার এক কর্মী জানিয়েছেন, ধৃতরা ‘বিশ্বনাথ ট্রাভেলস’ নামে ওই সংস্থায় দু’বছরেরও বেশি সময় কর্মরত।
নির্যাতিতার অভিযোগ পাওয়ার পর বাসের চালক ৩৯ বছর বয়সী কুলদীপ এবং কন্ডাক্টর ২৬ বছর বয়সী সন্দীপকে উত্তর দিল্লির তিমারপুর থেকে গ্রেপ্তাফতার করা হয়। ঘটনার দিন কিশোরী উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে নয়ডায় যাচ্ছিল। সেই যাত্রাপথে গণধর্ষণের শিকার হয় সে। অভিযোগে নির্যাতিতা জানায়, পড়াশোনা নিয়ে বাড়িতে বকাবকি করে মা। এর পর পরিবারের কাউকে না জানিয়ে সে নয়ডায় তার এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে ভুল করে নয়ডার পরি চকে নামে সে। রাত ৯টা নাগাদ একটি বাস তার কাছে এসে থামে। দূরপাল্লার ‘স্লিপার বাস’টিতে সেই সময় কোনও যাত্রী ছিল না। কন্ডাক্টর বাসটিতে তুলে নেয় কিশোরীকে। অভিযোগ, বাসটি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই কন্ডাক্টর তাকে যৌন নির্যাতন করে। বাধা দিলে খুনের হুমকি দেয়।
গণধর্ষণের পর তারা তাকে দিল্লির কাশ্মীর গেটের কাছে রিং রোডের ধারে ফেলে রেখে চলে যায়। এরপর পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা। অভিযুক্তদের খোঁজে তড়িঘড়ি তল্লাশি শুরু হয়। পুলিশ জানিয়েছে, ফরেনসিক দল বাসটির ভেতর থেকে মেয়েটির চুল উদ্ধার করেছে। পাশাপাশি বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।