ওঙ্কার ডেস্ক: গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়েছে মার্কিন সেনা বাহিনী। সেই অভিযানে প্রেসিডেন্ট সস্ত্রীক নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। ট্রাম্প বাহিনীর এই হামলার সময়ে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
রিপোর্ট অনুসারে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনীর হামলার ফলে ভেনেজুয়েলার ২৩ সেনার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন কিউবার ৩২ জন যোদ্ধাও। এ ছাড়া ২ বেসামরিক নারীও নিহত হয়েছেন। শনিবার নিউইয়র্ক পোস্টকে এক সাক্ষাৎকার দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের জন্য চালানো অভিযানে কিউবার বহু মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প বলেন, ‘মার্কিন অভিযানের সময় কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন, যা তাঁদের জন্য মোটেও ভাল সিদ্ধান্ত ছিল না।’
উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনী শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায়। ঘর থেকে টানতে টানতে বের করে তাঁদেরকে কারাকাস থেকে ২ হাজার ১০০ মাইল দূরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কারাগারে রাখা হয় তাঁদেরকে। সোমবার সস্ত্রীক নিকোলা মাদুরোকে নিউইয়র্কের একটি আদালতে পেশ করে ট্রাম্প প্রশাসন। তাঁদের বিরুদ্ধে ‘মাদকসন্ত্রাস’ এবং মাদক পাচারের অভিযোগ আনা হয়। সেই সঙ্গে অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ডের সাজা হতে পারে। যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো।
