ওঙ্কার ডেস্ক: কয়লা খনিতে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটা। মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে অন্তত ১৫ জন খনিশ্রমিক প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের পর ভূগর্ভে আটকে পড়েছেন আরও ২০ জন শ্রমিক। রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার সোরঞ্জ কয়লা খনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে প্রশাসনের তরফে জোরকদমে চলছে উদ্ধারকাজ।
সূত্রের খবর, মাটির প্রায় ৪,০০০ ফুট গভীরে শ্রমিকরা এই বিস্ফোরণের কবলে কবলে পড়েন। বিস্ফোরণের ফলে খনির কাঠামো ধসে গিয়ে কয়েক জন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যরা ভিতরে জ্বলন্ত ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। খনি বিষয়ক চিফ ইনস্পেক্টর মহম্মদ আতিফ শুক্রবার বলেন, ‘উদ্ধারকারী দল শুক্রবার সকাল পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করেছে। আটকে পড়া শ্রমিকদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, রিপোর্ট অনুযায়ী, ধসে পড়া মূল খনি ও পাশের খনিটিতে এখনও অন্তত ২০ জন শ্রমিক আটকে রয়েছেন। ‘অল পাকিস্তান কোল মাইনার্স অ্যাসোসিয়েশন’-এর পীর মহম্মদ কাকার এই দুর্ঘটনার বিষয়ে জানান, বৃহস্পতিবার শিফট পরিবর্তনের সময় মিথেন গ্যাসের কারণে ভূগর্ভস্থ ওই বিস্ফোরণ ঘটেছিল।
কাকারের অভিযোগ, বহু ক্ষেত্রে খনির বেসরকারি মালিকরা প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনে চলেন না। শ্রমিকদের যথাযথ রেজিস্ট্রেশনও করেন না। অথচ জীবিকার সন্ধানে আসা শ্রমিকদের মধ্যে অনেকেই অন্য প্রদেশ থেকে এমনকি আফগানিস্তান থেকেও আসেন। বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি জানান, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকারী দল কাজ করছে। চলমান উদ্ধার অভিযানে সরকার সব ধরনের চেষ্টা চালাবে বলে আশ্বাস দেন তিনি।