ওঙ্কার ডেস্ক: কত জন পাক নাগরিক ভারতে বন্দি রয়েছেন? বা কত জন ভারতীয় নাগরিক পাকিস্তানে হেফাজতে রয়েছেন? এ বিষয়ে বন্দি তালিকা বিনিময় করল ইসলামাবাদ ও নয়াদিল্লি। বুধবার দুই প্রতিবেশী দেশ একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করেছে বলে সূত্রের খবর।
বিদেশ মন্ত্রকের খবর অনুযায়ী, কনস্যুলার অ্যাক্সেস সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বন্দিদের তালিকা বিনিময় করেছে। ২০০৮ সালের ২১ মে ভারত ও পাকিস্তানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তি অনুসারে উভয় পক্ষ প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই এই তালিকা বিনিময় করে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কাছে পাকিস্তানে আটক ২৫০ জন ভারতীয় বন্দির তালিকা তুলে দিয়েছে। যাদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং ১৯৮ জন মৎস্যজীবী।’
পাশাপাশি জানানো হয়েছে, ভারতীয় কারাগারে থাকা ৪৩৯ জন পাকিস্তানি বা সম্ভাব্য পাকিস্তানি বন্দির একটি তালিকা ভারত সরকার দিয়েছে। যার মধ্যে ৩৮৬ জন বেসামরিক বন্দি এবং ৫৩ জন মৎস্যজীবী রয়েছেন।’ পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে ৯৭ জন পাকি বন্দিকে মুক্তি দেওয়ার জন্য। যাদের মধ্যে ৬৪ জন বেসামরিক বন্দি এবং ৩৩ জন মৎস্যজীবী। এই ৯৭ জন কারাগারে নিজেদের সাজা শেষ করেছেন। তাঁদের জাতীয়তাও নিশ্চিত করা হয়েছে।