ওঙ্কার ডেস্ক: গত মে মাসে তামিলনাড়ুতে গোহত্যা নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সে রাজ্যের থালাপতি বিজয়ের সরকার। মাদ্রাজ হাইকোর্ট যে কারণে গোহত্যা নিষিদ্ধ করে, তার নেপথ্যে ছিল দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি। এ বিষয়ে ১৯৭৬ সালে জারি করা সরকারি নির্দেশ কার্যকর করে দক্ষিণের রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ বার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে তামিলনাড়ু সরকার।
উল্লেখ্য, কে সূর্য প্রশান্ত নামের এক ব্যক্তি গত মে মাসে গোহত্যা নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। কোয়েম্বাটুরের বাসিন্দা ওই ব্যক্তি আর্জি জানান, প্রকাশ্যে গোহত্যা বন্ধ করা হোক। তাঁর সেই আর্জির প্রেক্ষিতে বিচারপতি জিআর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের অবসরকালীন বেঞ্চ নির্দেশ দেন, দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজিকে এই নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা আছে। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, ধর্মীয় কারণে গোহত্যা বাধ্যতামূলক নয়। সেই নির্দেশের পর তামিলনাড়ুতে জোর চর্চা শুরু হয়েছিল। এ বার মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। থালাপতি বিজয়ের সরকার জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ স্ববিরোধী।