ওঙ্কার ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার কারণে ভারতের পণ্যের উপর বাড়তি শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা নিয়ে চলছে এখনও চর্চা। সেই আবহে আগামী ১৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই বৈঠককে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ১৫ অগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিন মুখোমুখি হতে চলেছেন। রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠকের দিকে আন্তর্জাতিক রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। দুই রাষ্ট্র প্রধানের বৈঠক থেকে যুদ্ধ বন্ধের কোনও সিদ্ধান্ত বেরিয়ে আসে কি না সেদিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের। বিশেষ করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক আশা করছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে এই আলোচনা হয়তো খুলে দেবে শান্তি প্রতিষ্ঠার রাস্তা।
রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর পাশাপাশি ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। শুধু তাই নয় মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশ করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন বাণিজ্য আলোচনাও আপাতত স্থগিত রাখা হবে বলে। এই চাপের মধ্যেও দেশের স্বার্থ আগে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ভারত মাথা নত করবে না। রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করে সম্প্রতি ফোনে দীর্ঘ ক্ষণ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
