ওঙ্কার ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় হঠাৎ করেই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে একযোগে বন্ধ করে দেওয়া হয় শহরের চারটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। ডোমোদেদোভো, ভনুকোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কি, এই চার বিমানবন্দরেই সাময়িকভাবে সব ধরনের উড়ান ওঠানামা স্থগিত রাখা হয়। ফলে বিপাকে পড়েন বহু যাত্রী। কেউ বিমানবন্দরের ভিতরে অপেক্ষায়, কেউ আবার মাঝপথে আটকে পড়েন
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রাজধানীর আকাশসীমার দিকে একাধিক ড্রোন এগিয়ে আসতে দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সক্রিয় হয় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। স্বল্প সময়ের মধ্যেই প্রায় এক ডজন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ড্রোনগুলি ইউক্রেনের দিক থেকেই পাঠানো হয়েছিল। যদিও এ বিষয়ে কিয়েভের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই ঘটনার জেরে মস্কোর আকাশসীমায় কড়া নজরদারি শুরু হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও বিমান নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশপথে সামান্য ঝুঁকিও এড়াতে চেয়েছে প্রশাসন। বিমানবন্দর চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে গত কয়েক মাসে রাশিয়ার বিভিন্ন শহরে ড্রোন হামলার আশঙ্কা বেড়েছে। বিশেষ করে রাজধানী মস্কোকে লক্ষ্য করে একাধিকবার ড্রোন আসার ঘটনা ঘটেছে বলে দাবি রুশ কর্তৃপক্ষের। ফলে প্রতিটি সতর্কবার্তাকেই এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সামরিক সূত্রের বক্তব্য, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
কয়েক ঘণ্টা সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ড্রোন হুমকি কাটিয়ে ওঠার পর ধাপে ধাপে বিমান চলাচল পুনরায় শুরু হয়। তবে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা এবং একাধিক উড়ান বাতিল বা বিলম্বিত হওয়ায় ভোগান্তি এড়ানো যায়নি। বিমান সংস্থাগুলিও সময়সূচি পুনর্গঠনের কাজে নেমেছে।
