ওঙ্কার ডেস্ক: এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের। যার ফলে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। কেউ জখম হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর জার্মানির স্টাডে শহরে। গুলিবর্ষণের ঘটনার পর এক বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গুলি বর্ষণের নেপথ্যে কী কারণ তা এখনও স্পষ্ট নয়।
জার্মান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কী উদ্দেশে এই হামলা তা জানার চেষ্টা চলছে। শহরের কেন্দ্রস্থলে একটি যুব কেন্দ্রের কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে স্টাডে পুলিশ জানিয়েছে, ড্যাঙ্কারসস্ট্রাসে এলাকায় একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে। সাধারণ মানুষকে পুলিশ ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে থাকা জরুরি পরিষেবার কর্মীদের নির্দেশ মেনে চলার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, হামবুর্গের পশ্চিমে অবস্থিত স্টাডে শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।
উল্লেখ্য, ২০২৩ সালে জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় বন্দুকধারী একাই ছিলেন। পুলিশ জানিয়েছিল ‘হামলার মোটিভ নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই।’ সে বছর বন্দুকবাজের গুলিতে বেশ কয়েকজন জখম হয়েছিলেন। তবে নিহতদের মধ্যে আরও এক হামলাকারী ছিল বলেই অনুমান পুলিশের। এক আধিকারিক বলেন, ‘ভবনটির উপর থেকে গুলির শব্দ শুনেছিলেন তিনি। পরে সেখানে গিয়ে এক জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’