ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানের বিরুদ্ধে অতীতের তুলনায় প্রায় ২০ গুণ বেশি শক্তিশালী ও বিধ্বংসী ছিল। সেই পোস্টে ট্রাম্পের আরও দাবি, এই হামলার পরই ইরান কার্যত সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং একটি চুক্তির লক্ষ্যে যোগাযোগের চেষ্টা করছে।
ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে বিস্ফোরণ, আগুনের গোলা এবং যুদ্ধবিমানের অভিযানের একাধিক দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওর সঙ্গে যুক্ত বার্তায় দাবি করা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর এই সামরিক অভিযান ইরানের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল এবং তার প্রভাব ছিল অত্যন্ত ব্যাপক। ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের শক্তি ও সামরিক সক্ষমতা নিয়ে কোনও ধরনের ভুল ধারণা রাখলে তার ফল ভয়াবহ হতে পারে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মার্কিন স্বার্থে আঘাত এলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান এবং একাধিক সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ফলে ইরানের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং সেই কারণেই তারা আলোচনার টেবিলে ফিরতে আগ্রহ দেখাচ্ছে। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে একই ধরনের কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। বরং তেহরান আগেই জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা কোনও আপস করবে না এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা যে এখনও পুরোপুরি প্রশমিত হয়নি, তা স্পষ্ট।