ওঙ্কার ডেস্ক: সম্প্রতি একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন যে জেফ্রি এপস্টাইন সম্পর্কিত মামলার ফাইলগুলিতে তাঁর নাম রয়েছে। বছরের পর বছর ধরে, ডোনাল্ড ট্রাম্প এপস্টাইন মামলার ষড়যন্ত্র তত্ত্ব থেকে উপকৃত হয়েছেন, যা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনকে উস্কে দিয়েছিল।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি এপস্টাইন মামলার ফাইল প্রকাশ করবেন। কিন্তু ৭ জুলাই, মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘোষণা করেন যে তাঁর কাছে প্রকাশ করার মতো কিছুই নেই। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট প্রকাশ করে বলে, ট্রাম্প ২০০৩ সালে এপস্টাইনকে জন্মদিনে একটি অশ্লীল চিঠি লিখেছিলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট এই দাবি অস্বীকার করেছেন এবং প্রকাশনার বিরুদ্ধে মামলা করেছেন।
বুধবার, ওয়াল স্ট্রিট জার্নাল একটি নতুন রিপোর্টে জানিয়েছে, বন্ডি মে মাসে ট্রাম্পকে জানিয়েছিলেন যে তাঁর নাম এপস্টাইনের ফাইলগুলিতে বেশ কয়েকবার এসেছে। কোন প্রেক্ষাপটে ট্রাম্পের নাম ফাইলগুলিতে এসেছে তা স্পষ্ট ছিল না। কারণ ১৯৯০-এর দশকে ট্রাম্পের সম্পর্ক ছিল যৌন অপরাধীর সঙ্গে। যদিও বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, তারা এতে বিস্মিত হচ্ছে না।
সম্প্রতি, কুখ্যাত যৌন নির্যাতনকারী হিসেবে পরিচিত জেফরি এপস্টাইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু নতুন ভিডিও ও ছবি প্রকাশ্যে এসেছে। সংবাদ মাধ্যমের দাবি, ছবিগুলো ১৯৯৩ সালে তোলা। ডোনাল্ড ট্রাম্প ও মারলা ম্যাপলস এর বিয়ের অনুষ্ঠানে এপস্টাইনকে দেখা গিয়েছে। প্লাজা হোটেলে আয়োজিত সেই অনুষ্ঠানে এপস্টাইন যে হাজির হয়েছিলেন তা জানতেন না অনেকেই।
