ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে বিপর্যয়! গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের জেরে তলিয়ে গেলেন ২০ জন। তাঁদের এখনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে হড়পা বান হয়। সেই সময় ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ ন্যাশনাল পার্কের ২০ জন জলের তোড়ে তলিয়ে যান। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। হড়পা বানের পর মোট ৬২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রিপোর্ট অনুসারে, রবিবার ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছিল। সেই কারণে হড়পা বান কি না, তা যদিও এখনও নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলের স্রোত আচমকা কলোরাডো নদীর দিকে ধেয়ে আসে। সেই সময় বহু পর্যটক জলক্রীড়ায় ব্যস্ত ছিলেন। আচমকা এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে যান তাঁরা। তবে তড়িঘড়ি উদ্ধারকাজে নেমে ৬২ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়। নিখোঁজ ২০ জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও ওই এলাকায় ভারী বর্ষণ হতে পারে।
উল্লেখ্য, বুধবার নেপালে হড়পা বানের জেরে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় দেশটির বিভিন্ন এলাকা। ওই দিন ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর খাত বরাবর নেমে এসেছিল হড়পা বান। হিমবাহের একাংশ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, জনপদ। রবিবার বিকেল পর্যন্ত নেপালের বিপর্যস্ত এলাকাগুলি থেকে মোট ৭৮১ জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজ রয়েছেন ২৫০২ জন।