ওঙ্কার ডেস্ক: রুশ ট্যাঙ্কারে কর্মরত থাকার জেরে মার্কিন বাহিনীর হাতে আটক হলেন ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার। আগামী মাসেই বিয়ের জন্য বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রাম্পের বাহিনী হিমাচল প্রদেশের কাংড়ার বাসিন্দা ওই মার্চেন্ট নেভি অফিসার রিক্ষিত চৌহানকে আটক করেছে। তাঁকে যাতে দেশে ফিরিয়ে আনা হয়, সেই উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছে তাঁর পরিবার।
রিপোর্ট অনুসারে, গত সপ্তাহে উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার তেলের ট্যাঙ্কারটি আটক করে মার্কিন বাহিনী। রাশিয়ার মারিনেরা নামের ওই ট্যাঙ্কারটিকে ধাওয়া করার পর আটক করা হয়। আধিকারিক ও কর্মী মিলিয়ে মোট ২৮ জন ওই ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। তাদের মধ্যে তিন জন ভারতীয়। রিক্ষিতের নিয়োগকারী রুশ সংস্থা তাঁকে ভেনেজুয়েলা পাঠিয়েছিল। গত ৭ জানুয়ারি ট্যাঙ্কারটিকে মার্কিন বাহিনী আটক করার আগে শেষবার রিক্ষিতের সঙ্গে কথা হয় তাঁর পরিবারের।
রিক্ষিতকে দেশে ফিরিয়ে আনার জন্য তাঁর মা রীতা দেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন। দেশের প্রশাসনিক প্রধানের কাছে মায়ের করুণ আর্তি, ‘আমার ছেলেকে ঘরে ফিরিয়ে আনুন।’ আগামী ১৯ ফেব্রুয়ারি রিক্ষিতের বিয়ের দিন নির্ধারণ হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ওই ট্যাঙ্কারে রিক্ষিত ছাড়াও আরও যে তিন জন ভারতীয় কর্মী ছিলেন তাঁদের এক জন গোয়া এবং দুই জন কেরলের। রিক্ষিতকে ঘরে ফেরানোর জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর সঙ্গে কথা বলেছে পালমপুর প্রশাসন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে জানিয়েছিলেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি।
