ওঙ্কার ডেস্ক: ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র কি আঘাত হানবে? ইজরায়েলের সঙ্গে তেহরানের সংঘাতের মাঝে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশেষে এই বিষয়ে স্পষ্ট করে জানাল হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইরানে আঘাত হানা হবে কি না সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই আলোচনার পথে মার্কিন প্রেসিডেন্ট হাঁটবেন কি না সেই বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। তবে তেহরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার বিরোধী মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে কূটনৈতিক সমাধান চান তা জানিয়েছে হোয়াইট হাউস। উল্লেখ্য, মঙ্গলবার সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিইকে নিশানা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তা তিনি জানেন। কিন্তু ওয়াশিংটন এখনই তাঁকে হত্যা করতে চায় না বলে জানিয়েছিলেন তিনি। যদিও মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে খামেনিই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান আত্মসমর্পণ করবে না।
অন্য দিকে, ইজরায়েলের বিরসেবা শহরে এদিন ক্ষেপণাস্ত্র দিয়ে প্রত্যাঘাত করেছে ইরান। এই প্রত্যাঘাতের কারণে ইজরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
