ওঙ্কার ডেস্ক: প্রায় এক দশক পর মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে তাঁর ওয়াশিংটন সফর ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রথা ভেঙে চিনা প্রেসিডেন্টকে নিজেই স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটনে থাকবেন শি। সেখানে ট্রাম্পের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
রিপোর্ট অনুসারে চিনের প্রেসিডেন্টের এই সফরের উদ্দেশ্য বাণিজ্য ও নিরাপত্তা। ছয় মাসের মধ্যে ট্রাম্প ও শির এটি দ্বিতীয় মুখোমুখি বৈঠক হতে চলেছে। ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প ও শির বৈঠক হওয়ার কথা। দুই রাষ্ট্রনেতার আলোচনায় কৃত্রিম মেধা এবং তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি বাণিজ্য সংঘাতের বিরতি আরও বাড়ানো হবে কি না, সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসের সাউথ লনে শিকে সামরিক সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানোর কথা। সেই সময় ২১ তোপধ্বনিও হবে। এরপর রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। পরে ওভাল অফিস এবং ক্যাবিনেট রুমে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক রুদ্ধদ্বার বৈঠক হবে।
ওই দিন বিশেষ নৈশভোজে চিনের প্রেসিডেন্টের সঙ্গে সামিল হবেন টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যাপলের কর্তা টিম কুক এবং এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। অন্য দিকে মার্কিন সংবাদমাধ্যমে অন্য একটি ঘটনা সামনে এসেছে। সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এর প্রতিবাদে ট্রাম্পের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।