ওঙ্কার ডেস্ক: তেলঙ্গানার আদিলাবাদে হাসপাতালের সদ্যোজাত শিশুদের বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার গভীর রাতে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা রিমসে এই ভয়াবহ ঘটনা ঘটে। আগুনে মৃত্যু হয়েছে দুই সদ্যোজাতর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ এসএনসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত শিশুবিভাগে আগুন ছড়িয়ে পড়ে।
অগিকাণ্ডের পর পরিস্থিতি সামাল দিতে দ্রুত শিশুদের সরানোর কাজ শুরু করেন হাসপাতালের নার্স ও কর্মীরা। বিদ্যুৎচালিত চিকিৎসা সরঞ্জামগুলির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
উদ্ধারকাজের মধ্যেই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে একটি শিশু প্রিম্যাচিওর ছিল। রিপোর্ট অনুসারে, আগুন লাগার সময় এসএনসিইউতে মোট ৩০টি শিশু ছিল। হাসপাতাল সূত্রের দাবি, তাঁদের মধ্যে ২৮ জনকে দ্রুত উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এদিকে আগুনের খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেন দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে এখনও অগ্নিকাণ্ডের চূড়ান্ত কারণ নিশ্চিত হয়নি।
ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। জেলাশাসক রাজর্ষি শাহ এবং পুলিশ সুপার অখিল মহাজন ঘটনাস্থল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। জেলাশাসক জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। হাসপাতালের কোথাও গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। দুই শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। হাসপাতালে থাকা বাকি শিশুদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।