হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সিস্টেমটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। যার প্রভাব পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বিশেষত উপকূলীয় জেলাগুলিতে। ইতিমধ্যেই মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। কিছু জায়গায় রোদের দেখা মিললেও তা ক্ষণস্থায়ী।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে সিস্টেমটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে। যা আগামীকাল অর্থাৎ বুধবার ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। আবহাওয়াবিদদের ধারণা, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি উপকূল দিয়ে স্থলভাগে দাপট শুরু করতে পারে। তবে সরাসরি না হলেও এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়ায়।
এমতাবস্থায় আজ, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভবনা। পাশাপাশি বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। অন্যদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে এই ক’দিন। তাই আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে আজ দিনভর চলবে বৃষ্টি।