ওঙ্কার ডেস্ক: রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়াতে নতুন সরকার ইতিমধ্যেই একাধিক শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে। এবার আম্বানি পরিবারের সঙ্গেও রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির গণেশপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আমন্ত্রণ রক্ষা করতেই সোমবার মুম্বইয়ে শিল্পপতিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় যান তিনি। সাক্ষাতের সময় আম্বানি পরিবারকে কালীঘাটের মা কালীর মূর্তির একটি প্রতিরূপ উপহার দেন শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের শিল্প ও বিনিয়োগের প্রসঙ্গও উঠে আসে।
মঙ্গলবার সমাজমাধ্যমে বৈঠকের বিষয়টি জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে শিল্প সম্প্রসারণের সম্ভাবনা এবং কর্মসংস্থান তৈরির সুযোগ নিয়ে আম্বানিদের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্য সরকার বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর দাবি, বাংলায় নতুন বিনিয়োগ এলে উপকৃত হবে যুবসমাজ। একই সঙ্গে রাজ্যের অর্থনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে এর আগে আদানি গোষ্ঠীর সঙ্গেও আলোচনা হয়েছিল শুভেন্দু অধিকারীর। গত জুনে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা তথা গৌতম আদানির ছেলে করণ আদানি। সেই বৈঠকের পর জানা যায়, কলকাতার উপকণ্ঠে নিউটাউনে ২ হাজার শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। শীঘ্রই ওই প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ হয়নি বলে অভিযোগ করে বিজেপি। পদ্ম শিবির বাংলার মসনদে বসার পর সেই খরা কাটাতে তৎপর।