ওঙ্কার ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী হওয়ার পর জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা দিতে ছাড়েননি মামদানিও। পরস্পরকে লক্ষ্য করে দুজনের বাক্যবাণ চর্চায় উঠে এসেছিল। তবে সেই তিক্ততা ভুলে মার্কিন প্রেসিডেন্ট হাসিমুখে সাক্ষাৎ করলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মামদানি। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ অতিথি হিসেবে হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তুলেছেন জোহরান। পরস্পরের প্রশংসা করেছেন দুজনেই। বৈঠক শেষে দুজনেই মন্তব্য করেছেন তাঁরা নিউইয়র্ককে আরও সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মামদানির নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট মামদানিকে, ‘বামপন্থী পাগল’ বলেও আক্রমণ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, মামদানি নিউ ইয়র্ককে ধ্বংস করে দেবে। তার জবাবে গত জুলাই মাসে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে বলেছিলেন, ‘আমাকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট, দেশছাড়া করার কথাও বলেছেন। শুধু তাই নয় আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি প্রথম মুসলিম হিসেবে এবং প্রথম দক্ষিণ এশীয় নাগরিক হিসেবে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নিতে চলেছে। তাই আমার সম্পর্কে ট্রাম্পের এমন মন্তব্যের কারণ খুঁজে পেয়েছি।’
