ওঙ্কার ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ইজরায়েলের সেনা বাহিনী মঙ্গলবার হামলা করেছে। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিশানা করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে খবর। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এই হামলার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত রয়েছে বলে দাবি করছিলেন। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই হামলার সঙ্গে ওয়াশিংটন জড়িত নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দোহায় হামাসকে লক্ষ্য করে যে হামলা ইজরায়েলের বাহিনী চালিয়েছে, তা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এর সঙ্গে তিনি জড়িত নন। ট্রাম্পের দাবি, কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ঘনিষ্ঠ বন্ধু’। শান্তি ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে মিলে কাতার কাজ করেছে। কাতারে ‘একতরফা ভাবে বোমা হামলা’ হয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্ট দোহায় ইজরায়েলি হামলার বিরোধিতা করলেও হামাসের বিরুদ্ধে সুর চড়িয়ে চড়িয়েছেন। গাজা থেকে হামাসকে ‘নির্মূল’ করার ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের কথায়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠা করতে তিনিও চান। আমি মনে করি এই ঘটনা শান্তি ফেরানোর একটা সুযোগ হতে পারে।’
অন্য দিকে কাতার ইজরায়েলের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে। হামাসের তরফে জানানো হয়েছে, এই হামলায় কেউ নিহত হননি। এই হামলার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার লেগতিফিয়া পেট্রল পাম্প থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পেটল পাম্প সংলগ্ন এলাকায় ছোট আবাসিক মহল্লায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
