ওঙ্কার ডেস্ক : ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর অতিরিক্ত ট্রাম্প ভজনায় বেজায় ক্ষুব্ধ পাক নেটিজেনরা। ইতিমধ্যে সমাজ মাধ্যম একের পর এক সমালোচনামূলক পোস্টে ভরে উঠেছে।


শাহবাজের ট্রাম্প স্তুতি প্রসঙ্গে কেউ লিখেছেন ‘বিরক্তিকর’, কেউ বা লিখেছেন ‘লজ্জাজনক’। ঠিক কী বলেছিলেন শাহবাজ? মিশরে আয়োজিত গাজা পিস সামিটে ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প একজন প্রকৃত শান্তির দূত। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার। শরিফের কথায়, ‘শান্তি ফিরেছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের অক্লান্ত চেষ্টার ফলে। তিনি সত্যিই একজন শান্তির মানুষ।’ গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামাতে ট্রাম্পের ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি। শাহবাজ বলেন, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো গেছে।


শাহবাজ শরিফ যে চাটুকারিতা করেছেন তা নিয়ে নেটাগরিকদের কেউ লিখেছেন, ‘যখনই ট্রাম্প তাঁর জুতো পরিষ্কার করতে চান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকেন।’ আরেক জন লিখেছেন, ‘চাটুকারিতায় পাকিস্তান প্রধানমন্ত্রীকে কেউ হারাতে পারবে না।’ উল্লেখ্য, চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেছিলেন! আর মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে আগেই সমর্থন করেছিল ইসলামাবাদ। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত থামাতে মধ্যস্থতা করার কারণে দ্বিতীয়বার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল ইসলামাবাদ। যদিও এ বছরে শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া করিনা মাচাদো।
