ওঙ্কার ডেস্ক: ‘আই লাভ মহম্মদ’ স্লোগান সম্বলিত পোস্টার টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনার আবহে উত্তরপ্রদেশের বরেলিতে ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের তরফে বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার বিকেল ৩টে পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, রামলীলা ও রাবণ দহন অনুষ্ঠানে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি গুজব ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনায় উস্কানি দেওয়ার জন্য অপব্যবহারের সম্ভাবনা রয়েছে।’ শান্তি বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ ছাড়াও, পিএসি এবং র্যা পিড অ্যাকশন ফোর্সও মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় ড্রোন দিয়েও নজরদারি চালাচ্ছে।
বরেলির আশেপাশের এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছে। বিভাগীয় কমিশনার ভূপেন্দ্র চৌধুরী সতর্কতা জারি করেছেন শাহজাহানপুর, পিলিভীত এবং বুদাউন জেলার জন্য। উল্লেখ্য, গত সপ্তাহে শহরের কোতোয়ালি এলাকার একটি মসজিদের বাইরে প্রায় ২০০০ লোক জড়ো হয়। শুক্রবারের নামাজের পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। অভিযোগ, সেই জমায়েত থেকে পাথর ছোঁড়া হয় বলে। স্থানীয় মাওলানা তৌকির খানের ডাকা ‘আই লাভ মহম্মদ’ স্লোগানের সমর্থনে সেদিন ওই জমায়েত হয়েছিল। অশান্তির ঘটনায় বুধবার পর্যন্ত, ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
