ওঙ্কার ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে বিমান হানা চালিয়েছে ইজরায়েল। এই খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইজরায়েলের আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে ইরানও।
ইজরায়েলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ইজরায়েলের বিমান বাহিনী ইরানের বেশ কয়েকটি জায়গায় আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর। ইরানের একাধিক স্থাপনায় আক্রমণ করার পাশাপাশি সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিকেও লক্ষ্যবস্তু করতে চাইছে ইজরায়েল। ইজরায়েলের সামরিক বাহিনীর এক কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আয়াতুল্লা আলি খামেনিও লক্ষ্যবস্তু হবেন, এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না।’ তিনি আরও করে বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইজরায়েলি আক্রমণের ‘সীমার বাইরে নন’।
ইজরায়েলের প্রতি সম্প্রতি কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। তার প্রতিক্রিয়ায় ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ শনিবার বলেছেন, ‘খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করছেন। ইজরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে।’ সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে ইজরায়েলের তেল আবিব এলাকার বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে প্রত্যাঘাত করেছে ইরান। সেই প্রত্যাঘাতে তিন জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ১০০ জন।
