ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে মার্কিন প্রেসিডেন্ট নাক গলিয়ে একাধিক বার মন্তব্য করেছেন। শুধু তাই নয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনিই কোথায় আছেন তা জানেন ট্রাম্প। কিন্তু তাঁকে এই মুহূর্তে হত্যা করতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে ইজরায়েল খামেনিইকে হত্যার চেষ্টা করে, তবে রাশিয়া বিষয়টিকে ভাল ভাবে নেবে না। ক্রেমলিনের প্রতিক্রিয়া খুবই নেতিবাচক হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করব। এর ফলে দেশটির ভিতরে চরমপন্থার উত্থান ঘটাবে।’ তাঁর আরও সংযোজন, যারা খামেনিইকে হত্যার কথা বলছে, এর ফলে কী ধরনের পরিণতি হতে পারে সে বিষয়টি তাদের মাথায় রাখা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই আলোচনার পথে মার্কিন প্রেসিডেন্ট হাঁটবেন কি না সেই বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি। প্রসঙ্গত, ইজরায়েলের পক্ষে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে তেমনই ইরানের পক্ষে রয়েছে চিন ও রাশিয়া। এদিন ক্রেমলিনের মুখপাত্রের এই বিবৃতি কার্যত বুঝিয়ে দিয়েছে, ইরানের পক্ষ অবলম্বনে সবচেয়ে কড়া অবস্থান নিল রাশিয়া।
