নন্দীগ্রামে ভোটের মুখে ফের উত্তেজনা। প্রচারে বেরিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন ISF প্রার্থী সবেমিরাজ আলি খান।
জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। দাউদপুরের নয়ানান এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সবেমিরাজ। অভিযোগ, সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়, মারধর করা হয়। ISF শিবিরের তরফে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপি নেতা আব্বাস বেগের দিকে। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভোটের ঠিক আগে প্রার্থীর উপর হামলার অভিযোগে রাজনৈতিক পারদ আরও চড়েছে নন্দীগ্রামে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা আব্বাস বেগ। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ভোটের আগে প্রার্থীকে ঘিরে শাসক-বিরোধী এই অভিযোগ-পাল্টা অভিযোগে ফের শিরোনামে নন্দীগ্রাম।