ওঙ্কার ডেস্ক: জৈন ধর্মাবলম্বী চার পর্যটকের দেহ উদ্ধার হল বিহারের নালন্দার রাজগীরের দিগম্বর জৈন ধর্মশালা থেকে। ওই ধর্মশালার একটি ঘরের ভিতর থেকে চার জনের দেহ উদ্ধার করা হয়। নিহতরা বেঙ্গালুরু থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। যে ঘর থেকে চার জনের দেহ উদ্ধার হয়েছে, সেটি ভিতর থেকে বন্ধ ছিল। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি।
রিপোর্ট অনুসারে, বেঙ্গালুরুর চার জন ৩১ জানুয়ারি রুমটি বুক করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দুই মহিলাও। নেপালে ভ্রমণের পর তাঁরা রাজগিরে আসেন। তাঁদের পরিকল্পনা ছিল, পরবর্তীতে নালন্দা জেলার পাওয়াপুরীতে যাওয়ার। ঘটনার পর ওই ধর্মশালায় পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। তদন্তের জন্য পাটনা থেকে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে। রাজগির থানার আধিকারিক রমন কুমার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন ঘর থেকে দুর্গন্ধ পাওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করে। দুই দিন আগে একটি বাজারে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখেছিলেন স্থানীয়রা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নিহত পর্যটকদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজগির বিশিষ্ট জৈন তীর্থক্ষেত্র। ২৪তম তীর্থঙ্কর মহাবীরের সঙ্গে এই অঞ্চলের গভীর যোগ রয়েছে। তীর্থঙ্কর মহাবীর এখানে ১৪টি বর্ষা ঋতু কাটিয়েছেন। ২০তম তীর্থঙ্কর মুনি সুব্রতনাথেরও জন্মস্থান এটি।
