নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেতন ও পুজোর বোনাসের দাবিতে উত্তাল জলপাইগুড়ি পুরসভা। নির্দিষ্ট সময়ে বেতন প্রদান ও পুজো বোনাসের দাবিতে শনিবার পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন প্রায় ৩৬০ জন অস্থায়ী কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এদিন সকালে হাতে ঝাড়ু, কোদাল-সহ কাজের সরঞ্জাম নিয়ে পুরসভার মূল ফটকের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। গেট বন্ধ করে চলে স্লোগান, বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের বেতন সময়মতো দেওয়া হচ্ছে না। চলতি মাসেও একইভাবে বেতন নিয়ে টালবাহানা চলছে। এর আগেও একাধিকবার একই দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছিলেন। তখন পুর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি তাঁদের।
এমতাবস্থায় বিক্ষোভকারীদের সাফ দাবি, এ বছর থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন দিতে হবে। এবং এই মাসে পুজোর বোনাস দিতে হবে বলেও জানান তারা। কিন্তু দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিনের এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।