ওঙ্কার ডেস্ক : কর্ণাটকের মান্ড্যায় নিজের বাড়িতে ৬৮ বছর বয়সী এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। মৃতের নাম হুর। জানা গেছে, তিনি সারা জীবন ভিক্ষাবৃত্তি করে কাটিয়েছেন। মৃত্যুর পর তাঁর বাড়িতে এসে প্রতিবেশীরা দেখতে পান লক্ষ লক্ষ টাকাভর্তি ৩০টিরও বেশি বস্তা। খবরটি ছড়িয়ে পড়ায় বহু মানুষ ভীড় জমান। যাই হোক, এই অর্থ এখন আর তাঁর কোনো কাজে আসবে না। প্রতিবেশীরা জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়।
পরে দেখা যায়, ৩০টিও বেশি বস্তায় ভর্ত্তি বিপুল কয়েন এবং ১০, ২০ ও ৫০ টাকার নোট। উৎসাহিরা আবার এই ঘটনাকে ভিডিও বন্দী করেছেন। তাতে দেখা যাচ্ছে, স্থানীয়রা তাঁর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছেন এবং টাকা গুনছেন।
হুর তাঁর বোনের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর বোনও দুই বছর আগে মারা যান। তাঁদের কেউই বিয়ে করেননি। এদিকে, গুনে দেখা যায় মোট অর্থের পরিমাণ নগদ ৮,৪০,০০০ টাকা। এই অর্থ তাঁর ভাইদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভাইদের মধ্যে একজন ৬ লক্ষ টাকা নেন এবং অন্যজন পান ২,৪০,০০০ টাকা। দ্বিতীয়জন ওই টাকা একটি মসজিদে দান করেছেন বলে জানা গেছে।