ওঙ্কার ডেস্ক: ফুটপাথবাসীকে অগ্নিমিত্রা পালের ধমক দেওয়ার ঘটনায় মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফেসবুক লাইভে এসে তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে নিশানা করেন। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ।’ শুধু তাই নয়, পরিবারটির দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।’ এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওঁরা রাজি থাকলে আমি কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।’
উল্লেখ্য, শনিবার পার্ক স্ট্রিটের ফুটপাথ পরিদর্শনে বের হ্নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই সময় নাতির জন্য দুধ গরম করছিলেন এক বৃদ্ধা। কিন্তু সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। ফুটপাথ থেকে উচ্ছেদের হুঁশিয়ারি দেন। তাঁর বাড়ি কোথায়, এই সংক্রান্ত প্রশ্ন করেন। এর পরই ওই মহিলা বলেন, ‘বাড়ি থাকলে কী আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে!’ মহিলার দাবি, ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথেই তিনি থাকছেন। ওই মহিলাকে ধমক দেওয়ার পর অগ্নিমিত্রা পালের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকে। সরভন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। যদিও পালটা ভিডিও বার্তা পোস্ট করে সোমবার অগ্নিমিত্রা বলেন, ‘কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে।’