ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় ভাষণ দেন তিনি। সেখানেই কাশ্মীর সমস্যা নিয়ে তুরস্কের পুরনো অবস্থান ফের তুলে ধরেন। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য, দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিরোধ আলোচনার মাধ্যমেই মেটানো প্রয়োজন। এর মধ্যে কাশ্মীর সমস্যাও রয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, রাষ্ট্রপুঞ্জের সনদ এবং সংশ্লিষ্ট প্রস্তাবনার কাঠামো মেনে দক্ষিণ এশিয়ার বিরোধগুলির সমাধান জরুরি।কাশ্মীরের ক্ষেত্রেও আলোচনার পথেই এগোনোর পক্ষে সওয়াল করেন তিনি। যদিও এরদোগানের এই বক্তব্য নিয়ে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে এই প্রথম কাশ্মীর নিয়ে মুখ খুললেন না রিসেপ তাইয়েপ এরদোগান। এর আগেও একাধিক সাধারণ সভায় একই প্রসঙ্গ তুলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। সে সময় তাঁর বক্তব্য ছিল, কাশ্মীরের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
তখন এরদোগানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। ভারতের অবস্থান ছিল, কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এই ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। ভারত আরও জানিয়েছিল, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। সেই অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।