বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আরও এগিয়ে এলো বাংলার দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শেষ ৬ ঘণ্টায় ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগিয়েছে সিস্টেমটি। আজ বুধবার ভোর সাড়ে ৫টায় এর অবস্থান ছিল কলিঙ্গপত্তনম থেকে ৭০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, গোপালপুর থেকে ১৫০ কিমি এবং পুরী থেকে ২৩০ কিমি দূরে। আজ রাতের মধ্যেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝে স্থলভাগে ঢুকে পড়বে এটি।
আজকের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গে আজ সারাদিন বৃষ্টি: ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনভর কলকাতা সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
ভারী বৃষ্টির লাল চোখ ৬ জেলায় – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। এর মধ্যে ৩ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও ৫০ কিমি পর্যন্ত ঝাপটা। আগামীকাল বৃহস্পতিবার হাওড়া জেলাতেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গেও দুর্যোগ: আজ বুধবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। এই আবহাওয়া বৃহস্পতিবারও থাকবে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে।
সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।