স্পোর্টস ডেস্ক: ক্যাবিনেটে অলিম্পিক পদক থাকলেও এশিয়ান গেমসে পদক ছিল না। সেই আক্ষেপ ২০২৬ সালে এসে দূর হল।এশিয়ান গেমসে প্রথম পদক জিতলেন মীরাবাই চানু। বুধবার আইচি-নাগোয়ায় মেয়েদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন চানু। কর্ণম মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে সব বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক জেতার নজির গড়লেন। এই তালিকায় রয়েছে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্বচ্যাম্পিয়নশিপ, এশিয়ান এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। এদিন জাপানে মোট ১৯৮ কেজি তোলেন চানু। তিনটে স্ন্যাচই সাফল্যের সঙ্গে শেষ করেন। তোলেন ৮৩, ৮৫ এবং ৮৭ কেজি। ক্লিন এবং জার্ক বিভাগে ১০৭ কেজি তুলে শুরু করেন চানু। দ্বিতীয় প্রচেষ্টায় ১১১ কেজি তোলেন। মোট ১৯৮ কেজি তোলেন। ২১৫ কেজি তুলে সোনা জেতেন নর্থ কোরিয়ার রি সং গুম। এশিয়ান গেমসে তাঁর টানা তৃতীয় সোনা। ব্রোঞ্জ পান উইজয়না। ২০২৩ এশিয়ান গেমসে পদক পাননি চানু। চোটের জন্য ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ থেকে নাম তুলে নিতে বাধ্য হন। শেষ করেন চতুর্থ স্থানে। তবে এবার স্বপ্নপূরণ করেন মীরাবাই। এশিয়ান গেমসে এটাই তাঁর প্রথম পদক। ২০২০ টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন চানু। কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। এবার নিজের মুকুটে আরও একটি পালক যোগ করলেন।