সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের মিথ্যাচার থামছেই না। জলের আকাল সামলাতে না পেরে এবার সরাসরি রাষ্ট্রসংঘের দ্বারস্থ হল ইসলামাবাদ। ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকল নিরাপত্তা পরিষদে। পাল্টা পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করে কড়া জবাব দিল ভারত।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানালেন, পাকিস্তান যে রায়কে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে, সেই ট্রাইব্যুনালটাই অবৈধভাবে গঠিত।
তিনি বলেন, “পাকিস্তানের পুরনো অভ্যাস তথ্য বিকৃত করা ও মিথ্যা প্রচার। ওটা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের (PCA) রায় নয়। সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করে একটি অবৈধ আদালত গঠন করা হয়েছে। ভারত কখনও তাকে স্বীকৃতি দেয়নি, তার কার্যক্রমেও অংশ নেয়নি। তাই ওই স্বঘোষিত আদালত কী বলল, তাতে ভারতের সার্বভৌম সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না।”
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পরই ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেয় ভারত। দিল্লি জানিয়ে দেয়, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে।
এরপরই ইসলামাবাদ একটি তথাকথিত সালিশি আদালতের কাছে যায়। সেই আদালত রায় দেয়, ভারতের একতরফা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনসম্মত নয় এবং চুক্তি এখনও কার্যকর।
এই রায়কেই হাতিয়ার করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছিল পাকিস্তান। কিন্তু আগেভাগেই সেই কৌশল ফাঁস করে দিল বিদেশ মন্ত্রক। ভারতের সাফ বার্তা, ওই আদালতের কোনও এক্তিয়ার নেই ভারতের জলবিদ্যুৎ প্রকল্প বা সিদ্ধান্তে হস্তক্ষেপ করার।