ওঙ্কার ডেস্ক: টানা ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নিল মোদী সরকার। আগামী রবিবার, ২৭ সেপ্টেম্বর ছুটির দিন হলেও খোলা থাকবে ব্যাঙ্ক। বুধবার কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই দিন দেশের সব রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্ক স্বাভাবিক দিনের মতোই পরিষেবা দেবে। ধর্মঘট এবং পরপর ছুটির কারণে যাতে ব্যাঙ্কিং পরিষেবা দীর্ঘ সময় বন্ধ না থাকে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।
সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ বা ইউএফবিইউ। এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার। তার পর রবিবার। এরপর সোমবার থেকে বুধবার ধর্মঘট। অর্থাৎ শনিবার থেকে হিসাব করলে টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই দীর্ঘ ছুটির জেরে গ্রাহকদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। এটিএম পরিষেবাতেও প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ওই দিন গ্রাহকদের স্বাভাবিক পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়া উচিত নয়। তাই ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত এবং গ্রামীণ ব্যাঙ্কগুলিকে সাধারণ কর্মদিবসের মতো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বিভিন্ন সংগঠনের কাছে ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। তবে এখনও পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনও ঘোষণা করেনি ব্যাঙ্ক ইউনিয়নগুলি।