ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভার মেয়রের আসনে বসতে চলেছেন কোনও সনাতনী। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জের দায়িত্ব পাওয়ার পরই পুর নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের পরিকল্পনা জানালেন তিনি।
সাংবাদিক বৈঠকে সুকান্ত জানান, প্রার্থী বাছাইয়ের জন্য নির্দিষ্ট এসওপি তৈরি করবে বিজেপি। সেই নিয়ম মেনেই প্রার্থী নির্বাচন হবে। প্রার্থী তালিকায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রাখার পরিকল্পনা রয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত নেতাকর্মীদেরও গুরুত্ব দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের নেতাদেরও সতর্ক করেছেন সুকান্ত। বিশেষ করে ‘অতি উৎসাহী’ নেতাদের উদ্দেশে তাঁর বার্তা, প্রার্থী হওয়ার বিষয়ে আগেভাগে নিশ্চিত হওয়া ঠিক নয়। কেউ নিজেকে প্রার্থী ধরে নিলে পরে তাঁকেই আফসোস করতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি পুরভোটে দলের লক্ষ্যমাত্রাও ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে কলকাতার ১৪৪টি পুরনো ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে রয়েছে। সুকান্তর দাবি, কলকাতায় তৃণমূলের সাংগঠনিক শক্তি আগের তুলনায় দুর্বল হয়েছে। বর্তমানে পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে ২০৯ হয়েছে। এর মধ্যে ১৭০ থেকে ১৮০টি ওয়ার্ডে বিজেপি জিতবে বলে আশাবাদী তিনি।