ওঙ্কার ডেস্ক: মানস সরোবর যাওয়ার পথে নেপালে বিপর্যয়। তার পর থেকেই খোঁজ নেই দুর্গাপুরের এক দম্পতির। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। উদ্বেগে তাঁদের পরিবার ও পরিজন। নিখোঁজ দম্পতির নাম অরিন্দম গঙ্গোপাধ্যায় ও মৌসুমী গঙ্গোপাধ্যায়। তাঁরা দুর্গাপুরের বামুনারার বাসিন্দা।
চলতি মাসের ২১ তারিখ একটি পর্যটন সংস্থার সঙ্গে তাঁরা যাত্রা শুরু করেন। পরিকল্পনা ছিল নেপাল হয়ে মানস সরোবর যাওয়ার। কিন্তু নেপালে হড়পা বান নামার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। জানা গিয়েছে, ওই সংস্থার সঙ্গে মোট ৩৬ জন পর্যটক যাত্রা করেছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন কলকাতার বাসিন্দা। বাকি ছ’জন দুর্গাপুরের। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পার হওয়ার কথা ছিল। তার আগেই নেপালের রসুয়া এলাকায় ভয়াবহ বিপর্যয় ঘটে। এরপর থেকে ওই পর্যটকদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে খবর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ অরিন্দম ও মৌসুমীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। এরপর বুধবার সকালে বিপর্যয়ের খবর আসে। তারপর থেকেই তাঁদের ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না। খবর ছড়িয়ে পড়তেই বামুনারায় উদ্বেগ তৈরি হয়। বুধবার রাতেই অরিন্দম ও মৌসুমীর বাড়িতে যায় পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। নেপালের বিপর্যয় ঘিরে রাজ্যের আরও বহু পর্যটকের খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ৩০ জন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটকের খোঁজ নেই। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি। ৯৩ জন নেপালের নাগরিক। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় বলে জানা গিয়েছে।