ওঙ্কার ডেস্ক: দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরেই রাজ্যে আরও একটি ভোট। প্রাক্তন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে অন্তর্বর্তী নির্বাচন হবে দুর্গাপুজোর মধ্যেই। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিন ওই আসনে নির্বাচন হবে।
বিধানসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন দলের একাধিক সাংসদ। সেই তালিকায় ছিলেন কোয়েল মল্লিকও। গত ১৬ জুলাই তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তাঁর আগে একই পদ ছেড়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। পরবর্তীতে ওই তিন জনকেই ফের রাজ্যসভায় পাঠায় বিজেপি। ফলে কোয়েলকেও বিজেপি রাজ্যসভায় পাঠাবে কি না, তা নিয়ে তাঁর ইস্তফার সময় থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। গত ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল তৎকালীন শাসকদল তৃণমূল। তাঁর সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। মার্চে রাজ্যসভায় ভোট হয়। এরপর কোয়েল সাংসদ হন। তবে তাঁর সাংসদ জীবনে সংসদের কোনও অধিবেশনে যোগ দেওয়া হয়নি।
চলতি বছরের বাদল অধিবেশনই তাঁর প্রথম সংসদীয় অধিবেশন হতে পারত। তার আগেই অবশ্য সাংসদ পদ ছেড়ে দেন তিনি। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন কোয়েল। সেখানেই নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। ইস্তফার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গেও সাক্ষাৎ করেন অভিনেত্রী। ওই সাক্ষাতের পর রাজনৈতিক জল্পনা আরও বাড়ে। কারণ, তৃণমূলত্যাগী কয়েক জন সাংসদ এর আগে একাধিক বার ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন। পরে তাঁরা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই-তে যোগ দেন। বর্তমানে ওই দল কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক।