নিজস্ব সংবাদদাতা, কলকাতা : কসবাকান্ডে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে শনিবার পথে নামে বিজেপি। শনিবার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। তার জেরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। তাদের আরও অভিযোগ, বিজেপির বেশ কয়েক জন কর্মীকে টেনে হিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তোলা হয়। প্রিজ়ন ভ্যানে তোলা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকেও। অভিযোগ, বিজেপির এই কর্মসূচির ফলে তীব্র যানজট তৈরি হয় গড়িয়াহাটে। শনিবার দুপুরে অফিস, স্কুল থেকে ফেরার সময়ে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কসবা ল’ কলেজে এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্তের সঙ্গে তৃণমূল-যোগ প্রকাশ্যে এসেছে। এর প্রতিবাদে সরব হয় বিজেপি। গড়িয়াহাট মোড়ে আগে থেকে মোতায়েন করা হয় পুলিশ। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। এর পরেই সুকান্ত-সহ কয়েক জনকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়।
সুকান্ত মজুমদারের অভিযোগ, ‘‘আমরা থানা ভাঙতে যাইনি। প্রতিবাদ করছিলাম। পুলিশ আটকে দিল।’’ এই নিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি। বিজেপির অভিযোগ, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক পদে রয়েছেন। বাকিদের সঙ্গেও তৃণমূল ছাত্র পরিষদের যোগাযোগ রয়েছে।
