স্পোর্টস রিপোর্টার : আগামী ৭ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার কলকাতা লিগের ডার্বি বারাসাত স্টেডিয়ামে। ৫ সেপ্টেম্বর আর ৬ সেপ্টেম্বর ডার্বি হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না মেলায় ডার্বি হয়নি। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে বিকাল ৫ টায় ফ্লাডলাইটে ডার্বি হবে। ডার্বিতে মাঠ ভরবে কিনা সেটা নিয়ে সংশয় আছে। যদিও এদিন ডার্বির আগে নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।
নৈহাটীতে ম্যাচের ২২ মিনিটে গোল করেন আকাশ হেমব্রম। অসাধারণ থ্রু পাস পেয়ে আগুয়ান ইউনাইটেড কলকাতার গোলকিপার সুরজ মল্লিককে পরাস্ত করতে বিশেষ অসুবিধা হয়নি তাঁর। গোলের পর ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর সিউউউ সেলিবেশন করেন। গোল খেলে দমে যায়নি ইউনাইটেড কলকাতা। পালটা আক্রমণ শানান প্রতীক লামা, সালাম রঞ্জন সিংরা।
মধ্যান্তরের আগে সমতায় ফেরানোর সুযোগ এসে গিয়েছিল ইউনাইটেড কলকাতার সামনেও। গোল স্কোরিংয়ের কাছাকাছি চলে এলেও বার দুয়েক তারা ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও তুল্যমূল্য লড়াই করছিল ইউনাইটেড। ৬৭ মিনিটে সমতা ফেরাতে পারত তারা। কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয় তাদের আক্রমণ। ৮২ মিনিটে মহম্মদ বিলাল সুযোগ পেয়ে গিয়েছিলেন। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান আকাশ। অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-হলুদ। ডার্বিতে এই দলই খেলাবে না সিনিয়র দল থেকে কিছু ফুটবলারকে নেবে ইস্টবেঙ্গল সেদিকে নজর থাকবেই।