ওঙ্কার ডেস্ক: কলকাতায় মহরমের পর এবার রথযাত্রাকে কেন্দ্র করেও কড়া নিরাপত্তা ও নজরদারির প্রস্তুতি শুরু করল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা শহরের সমস্ত থানার ওসিদের নির্দেশ দিয়েছেন, তাঁদের এলাকার রথযাত্রার রুটগুলির বিস্তারিত ম্যাপিং করতে হবে। পাশাপাশি, এ বছর নতুন কোনও রথযাত্রা বের হচ্ছে কি না, সেই তথ্যও সংগ্রহ করতে হবে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি থানাকে রথযাত্রার আয়োজকদের সঙ্গে বৈঠক করতে হবে। কোথাও স্থানীয় বাসিন্দা, কোথাও বা কোনও পরিবার বা সংগঠনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানের আয়োজন, সম্ভাব্য ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজন হলে রথের সঙ্গে পুলিশি নিরাপত্তাও দেওয়া হবে। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে সমস্ত থানার ওসি এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, গত বছর কোনও রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলার সমস্যা হয়ে থাকলে, এ বছর যাতে সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে। রথযাত্রার নির্ধারিত রুটগুলির রাস্তার অবস্থা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও রাস্তা খারাপ থাকলে দ্রুত কলকাতা পুরসভার সহযোগিতায় তা মেরামতের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে রথের মেলাগুলির তালিকা তৈরি করে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।
শুধু রথযাত্রাই নয়, আসন্ন দুর্গাপুজোকেও সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে বলেছে লালবাজার। প্রতিটি থানাকে নিজেদের এলাকার পুজো কমিটি, আয়োজক এবং সম্ভাব্য বিতর্কিত বিষয়গুলি সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। কোথাও কমিটির পরিবর্তন হয়েছে কি না, সেই পরিবর্তনকে কেন্দ্র করে কোনও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মতে, উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই রথযাত্রা থেকে শুরু করে দুর্গাপুজো সব ক্ষেত্রেই আগে থেকেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পথে হাঁটছে কলকাতা পুলিশ।