ওঙ্কার ডেস্ক: রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন শনিবার। সেই অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই অনুষ্ঠান ঘিরে আগে থেকেই সতর্ক পুলিশকর্তারা। এই পরিস্থিতিতে এবার যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানাল হল কলকাতা পুলিশের তরফে। এসপ্ল্যানেড র্যাম্প-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পুলিশের তরফে।
শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এসপ্ল্যানেড র্যাম্প, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কেপি রোড, হসপিটাল রোড, কুইনসওয়েতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টে পর্যন্ত মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, সব্জি, ওষুধ, মাছ, ফল, দুধ-সহ জরুরি পরিষেবা সংক্রান্ত যান চলাচলে ছাড় রয়েছে।
উল্লেখ্য, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। সেই অনুষ্ঠান ঘিরে কলকাতা পুলিশে তৎপরতা তুঙ্গে। পদ্ম সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বহু রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও শনিবার ওই অনুষ্ঠানে অংশ নেবেন।